ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ট্রেনিং একাডেমির প্রয়োজন নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:১২, ২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১২, ২ অক্টোবর ২০২৬

‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ট্রেনিং একাডেমির প্রয়োজন নেই’

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ট্রেনিং একাডেমি খোলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। শুক্রবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মামুন বলেন, স্কুলশিক্ষকদের জন্য টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থাকতে পারে। বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের শিক্ষণ-পদ্ধতি, মূল্যায়ন ও শিশুদের মনোযোগ ধরে রাখার বিষয়ে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, স্কুলের শিক্ষার্থীরা বয়স ও বৌদ্ধিক বিকাশের প্রাথমিক পর্যায়ে থাকে। তাই তাদের শেখানোর ক্ষেত্রে পরিকল্পিত পদ্ধতি ও পেডাগজি প্রয়োজন।

বিশ্ববিদ্যালয় শিক্ষা ভিন্ন উল্লেখ করে অধ্যাপক মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শুধু তথ্যগ্রহণকারী নয়। তারা চিন্তাশীল, প্রশ্নপ্রবণ এবং নিজেদের বৌদ্ধিক পথ নির্মাণে সক্ষম।

তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন চিন্তার উদ্দীপক, সহযাত্রী ও পথপ্রদর্শক। প্রস্তুত উত্তর দেওয়ার বদলে শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসা তৈরি করাই উচ্চশিক্ষার মূল লক্ষ্য।

অধ্যাপক মামুন বলেন, শিক্ষক-শিক্ষার্থীর শ্রেণিকক্ষের বাইরের আলোচনা থেকেও গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। কিন্তু বর্তমান ব্যবস্থায় শিক্ষক-শিক্ষার্থীর এমন মেলামেশার সুযোগ কম।

তিনি অভিযোগ করেন, উচ্চশিক্ষার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ন্যূনতম ধারণা নেই—এমন ব্যক্তিদের বসানোর কারণে এ ধরনের সিদ্ধান্ত বারবার আসছে।

তাঁর ভাষ্য, বিশ্ববিদ্যালয়গুলোকে কলেজের মতো করে রাখা হয়েছে। জ্ঞান সৃষ্টির প্রয়োজনীয় পরিবেশ না গড়ে ট্রেনিং একাডেমি তৈরির উদ্যোগ নিয়ে ব্যস্ত থাকা হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন