ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

জ্বালানি তেলের দামে প্রভাব, সপ্তাহে বাড়ল অধিকাংশ সবজির দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:১২, ২ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের দামে প্রভাব, সপ্তাহে বাড়ল অধিকাংশ সবজির দাম

ছবি: ঢাকা এক্সপ্রেস

সরবরাহ পর্যাপ্ত থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে রাজধানীর বাজারে অধিকাংশ সবজির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। শুক্রবার (২ অক্টোবর) কারওয়ান বাজার, কাঁঠাল বাগান ও হাতিরপুল বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে পটল, ঢ্যাঁড়শ ও চিচিঙ্গা কেজিতে ২০ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁপের দামও কেজিতে ২০ টাকা বেড়েছে।

আলু ৩০ টাকা এবং পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন ৮০ থেকে ১৪০, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০, টমেটো ও গাজর ১০০ থেকে ১২০ টাকা কেজি।

কচুর লতি ৮০, কচুরমুখি ৫০ থেকে ৬০, শসা ৭০ থেকে ৮০, বরবটি ৬০ থেকে ৮০ এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজি শিমের দাম কেজিতে ২০০ থেকে ২২০ টাকা। মুলা ১০ টাকা কমে ৫০ টাকা, ফুলকপি ৬০ থেকে ৮০ এবং ছোট বাঁধাকপি ৮০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারেও দাম বেড়েছে। সোনালি কক কেজিতে ২০ টাকা বেড়ে ৩২০ টাকা এবং সোনালি হাইব্রিড ২৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৬০, ব্রয়লার ১০ টাকা বেড়ে ১৮০ এবং দেশি মুরগি ৬৭০ টাকা কেজি।

তবে বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমেনি। ৩০০ গ্রামের ইলিশ ৯০০ থেকে ১ হাজার, ৫০০ থেকে ৭০০ গ্রামের ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ এবং ১ কেজির ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, ইলিশের সরবরাহ ভালো থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। এর প্রভাব মাছের দামে পড়েছে।

এ ছাড়া গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যান্য মাছের মধ্যে চাষের শিং ৩০০ থেকে ৬০০, দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০, রুই ৪০০ থেকে ৫৫০, দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ এবং মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি।

চাষের পাঙাশ ১৮০ থেকে ২০০, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০, বোয়াল ৬০০ থেকে ৮০০, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ এবং পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পাবদা ৪০০ থেকে ৪৫০, তেলাপিয়া ২৪০, কৈ ২২০ থেকে ২৩০, মলা ৫০০, বাতাসি টেংরা ১ হাজার ৪০০, টেংরা ৫০০ থেকে ৮০০, কাচকি ৫০০ এবং পাঁচমিশালি মাছ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের মধ্যে লাল ডিম এক ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিম এক হালি ১০০ এবং সোনালি কক ডিম এক হালি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন