ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

শিলিগুড়ি আদালতে বিচারককে দেখে ‘জয় শ্রীরাম’ বলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫০, ২ অক্টোবর ২০২৬

শিলিগুড়ি আদালতে বিচারককে দেখে ‘জয় শ্রীরাম’ বলার অভিযোগ

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মহকুমা আদালতে হিজাব পরা এক নারী বিচারককে দেখে এক অভিযুক্ত ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) আদালতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের ৪ নম্বর এজলাসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নাম ধরে অভিযুক্তদের উপস্থিতি নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ঘটনাটি নিয়ে আদালতকক্ষে বিতর্ক তৈরি হলে অভিযুক্তের আইনজীবী ত্রিদিব সাহা ক্ষমা চান। তবে তিনি দাবি করেন, ওই মন্তব্য বিচারককে উদ্দেশ্য করে করা হয়নি।

ঘটনাটি ২০১৮ সালের একটি আন্তঃধর্মীয় বিয়েকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার শুনানির সময় ঘটে। ওই মামলায় পুলিশ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছিল। তাদের মধ্যে কয়েকজন জামিনে ছিলেন। পরে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হয়।

শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি উদয়শঙ্কর মালাকার ঘটনাটিকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন। তিনি বলেন, আদালতকক্ষে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলা সম্পাদক দিবাকর রায় বলেন, আদালত নিরপেক্ষ বিচারের জায়গা। সেখানে ধর্মীয় বা রাজনৈতিক স্লোগান দেওয়া উচিত নয়।

পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্য অলকেশ চক্রবর্তী বলেন, আদালতে বিচারক বা বিচারপ্রার্থীর পোশাক নিয়ে মন্তব্য করা যায় না। পোশাক দেখে ওই স্লোগান দেওয়া হয়ে থাকলে বিষয়টি অপরাধের পর্যায়ে পড়তে পারে।

তবে অভিযুক্তের আইনজীবী ত্রিদিব সাহার দাবি, ঘটনাটি কাকতালীয়। তাঁর ভাষ্য, সম্ভাষণের সময় অনেকেই ‘জয় শ্রীরাম’ বা ‘রাধে রাধে’ বলেন। নাম ধরে ডাকার সময় অভিযুক্তদের একজন না বুঝেই কথাটি বলে ফেলেছেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন