শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১১, ২ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার বিকল্প নেই।
আজ শুক্রবার ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন যৌথভাবে এ আয়োজন করে।
চিফ হুইপ বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীরা খেলাধুলায় প্রতিভাবান। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে তাদের আরও উৎসাহিত ও সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দায়িত্বশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে।
তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কাজে যুক্ত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এসব আয়োজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বাড়াতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।
চিফ হুইপ প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের সাফল্য কামনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আনিসুর রহমান এমপিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই