ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলে মামলা: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:১৭, ১ অক্টোবর ২০২৬

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলে মামলা: ডিএসসিসি প্রশাসক

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঢাকার অনুমোদিত স্থান ছাড়া কোনো সড়ক বা ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদের পর আবার ফুটপাত দখল করলে সরাসরি মামলা করা হবে।

বৃহস্পতিবার ধলপুরে পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আবদুস সালাম বলেন, হকারদের জন্য নির্দিষ্ট কিছু স্থান ও ফুটপাত নির্ধারণ করা হয়েছে। এর বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোথাও হকার বসতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ঢাকার সব হকারকে সিটি করপোরেশনে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া কোনো হকার বসতে পারবেন না।

হকারদের নোটিস ও পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, হকার সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই নতুন করে নোটিস দেওয়ার প্রয়োজন নেই।

এ সময় ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ওয়াসার কাজের দীর্ঘসূত্রতা নিয়েও অসন্তোষ জানান প্রশাসক। নির্ধারিত সময়ের মধ্যে সমন্বিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করতে সেবাদানকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন