শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১১, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
দেশের কোথাও কৃত্রিম সংকট তৈরি করে এলপি গ্যাসের বাড়তি দাম নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ বুধবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইন বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, দেশে এলপি গ্যাসের সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কোথাও কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেওয়া হতে পারে।
সরবরাহ স্বাভাবিক থাকার পরও কেন এলপিজির ঘাটতির কথা শোনা যাচ্ছে এবং কেন অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে, সে বিষয়ে তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসকদের প্রতিবেদন পাওয়ার পর আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, যেসব এলাকায় এলপিজির সরবরাহ কম পাওয়া যাবে, সেখানে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি বা কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এলপিজি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের আরও সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন জ্বালানিমন্ত্রী।
ঢাকা এক্সপ্রেস/এসআই