শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:২১, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি : পিএমও
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবা বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করা হচ্ছে।
‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আগামীকাল ১ অক্টোবর দিবসটি পালিত হবে।
এবারের দিবসের প্রতিপাদ্য ‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা’ (The Age of Longevity: Rethinking Systems for Longer Lives)।
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসচেতনতা ও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু বাড়ছে। দীর্ঘায়ু নতুন সম্ভাবনার পাশাপাশি স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও পারিবারিক সহায়তার ব্যবস্থাকে সময়োপযোগী করার প্রয়োজনীয়তা তৈরি করছে।
তিনি বলেন, প্রবীণদের স্বার্থরক্ষায় সরকার সচেতন। প্রবীণদের সামাজিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে বহুমুখী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
জীবনচক্রের প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি প্রবীণদের নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার কাজ চলছে। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায়ও বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, প্রবীণদের অবহেলা না করে তাঁদের সুস্বাস্থ্য বজায় রাখা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের সামাজিক সুরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত করা হচ্ছে।
প্রবীণদের আর্থিক নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বয়স্ক ভাতার পরিমাণ বাড়ানোর পাশাপাশি উপকারভোগীর সংখ্যাও সম্প্রসারণ করা হয়েছে। ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রমও এগিয়ে চলছে।
তিনি বলেন, প্রবীণ ব্যক্তিরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাঁদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে।
পরিবার, সমাজ ও রাষ্ট্র—তিন স্তরেই প্রবীণদের প্রতি সম্মান, সহানুভূতি ও দায়িত্বশীলতার চর্চা জরুরি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ঢাকা এক্সপ্রেস/এসআই