শিরোনাম
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৫:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
আন্তর্জাতিক বাজার ও দেশীয় বাজারে ভোজ্যতেলের দামের প্রকৃত প্রভাব যাচাই করে দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে সুরমা নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল উৎপাদন ও আমদানির উৎস পর্যায়ে প্রকৃত মূল্য কত, তা পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে দেশের বাজারে এর কী ধরনের প্রভাব পড়ছে, সেটিও পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করেই তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার চূড়ান্ত ও যৌক্তিক সিদ্ধান্ত নেবে।
এদিকে সিলেটে কিশোর গ্যাং প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। স্থানীয় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি উল্লেখ করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হচ্ছে বলেও দাবি করেন তিনি। এর ফলে দেশি-বিদেশি উদ্যোক্তারা নতুন বিনিয়োগে উৎসাহিত হবেন বলে আশাবাদ প্রকাশ করেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই