ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮

তৃতীয় শ্রেণিতে প্রথম প্রেমের চিঠি, ভয়ে ছিঁড়ে ফেলেছিলেন প্রভা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

তৃতীয় শ্রেণিতে প্রথম প্রেমের চিঠি, ভয়ে ছিঁড়ে ফেলেছিলেন প্রভা

ফাইল ছবি

শৈশবে তৃতীয় শ্রেণিতে পড়ার সময় প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সেই প্রস্তাবে সাড়া দেওয়া তো দূরের কথা, মায়ের ভয়ে চিঠিটিই ছিঁড়ে ফেলেছিলেন তিনি।

সম্প্রতি শান্তা জাহানের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শৈশবের সেই স্মৃতি জানান প্রভা।

প্রভা বলেন, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন তিনি। চিঠিটি দিয়েছিল তার চেয়ে কয়েক শ্রেণি ওপরে পড়া এক ছেলে।

চিঠি পাওয়ার পর ভয় পেয়ে গিয়েছিলেন জানিয়ে প্রভা বলেন, তার মনে হয়েছিল মা তাকে মারবেন। তাই চিঠিটি ছিঁড়ে ফেলে দেন।

সেই চিঠির কোনো জবাব দিয়েছিলেন কি না—এমন প্রশ্নে প্রভা জানান, তিনি কোনো উত্তর দেননি। পরে ওই ছেলেটিও আর যোগাযোগ করেনি। এরপর তাদের আর দেখা হয়নি।

শৈশবে পারিবারিক শাসনের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রভা। তিনি জানান, ছোটবেলা থেকে মায়ের কাছেই বেশি শাসন পেয়েছেন। এখনো মা তাকে বকাঝকা করেন।

প্রভা বলেন, ছোটবেলায় ভাত না খেলেও মা বকতেন। এখন বেশি খেলে কম খেতে বলেন, কারণ বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে।

তবে বাবার কাছ থেকে তেমন শাসন পাননি বলেও জানান প্রভা। তার ভাষ্য, মা শাসন করলেও বাবা কখনো তাকে শাসন করতেন না।

এদিকে সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।

এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন