শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সালমান শাহর আকস্মিক মৃত্যু ঢাকাই চলচ্চিত্রে তৈরি করেছিল বড় শূন্যতা। তার মৃত্যুর পর অসমাপ্ত কাজগুলো শেষ করতে বিনা পারিশ্রমিকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন চিত্রনায়ক আমিন খান। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে সালমান শাহর মৃত্যুর দিনের স্মৃতি ও সেই সময়ের সিদ্ধান্তের কথা জানান আমিন খান।
তিনি বলেন, সালমান শাহ যেদিন মারা যান, সেদিন সকালে তিনি এফডিসিতে ছিলেন। সেখানে প্রযোজক ও পরিচালকদের কান্না ও আহাজারির দৃশ্য তাকে নাড়া দিয়েছিল।
আমিন খান বলেন, তখন তার মনে হয়েছিল সালমানকে গল্পে রেখে ভিন্নভাবে অসমাপ্ত সিনেমাগুলো শেষ করা সম্ভব হলে তিনি বিনা পারিশ্রমিকে কাজ করতে প্রস্তুত।
তার ভাষ্য, এতে সালমানের অসমাপ্ত কাজের সঙ্গে যুক্ত ক্ষতিগ্রস্ত প্রযোজক ও পরিচালকেরা ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে পারেন।
সালমান শাহর প্রতি নিজের ভালোবাসা ও সহকর্মীদের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি ওই প্রস্তাব দিয়েছিলেন বলে জানান আমিন খান।
তিনি আরও বলেন, সালমানের সঙ্গে কোনো সিনেমায় একসঙ্গে অভিনয়ের সুযোগ হয়নি। তবে দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল এবং তারা একসঙ্গে সময় কাটিয়েছেন।
আমিন খানের ভাষায়, সালমানের প্রতি ভালোবাসা এবং সেদিনের পরিস্থিতিই তাকে এমন প্রস্তাব দিতে অনুপ্রাণিত করেছিল। তার বিশ্বাস ছিল, এতে প্রয়াত বন্ধুর আত্মাও শান্তি পেতে পারে।
ঢাকা এক্সপ্রেস/এসআই