ঢাকা, রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮

‘হাঙর নদী গ্রেনেড’ সেই রইছ হাসপাতালে ভর্তি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬

‘হাঙর নদী গ্রেনেড’ সেই রইছ হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।

তার পরিবার জানায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরীকে নিয়ে ঢাকায় ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিজয় চৌধুরী। পরে দ্রুত তাকে রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়।

এদিকে বাবার অসুস্থতার খবর জানিয়ে সামাজিক মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে ফিওনা চৌধুরী। বিজয় চৌধুরীর নিজস্ব ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে ফিওনা লেখেন, ‘আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।’

উল্লেখ্য, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ১৯৯৭ সালে ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমাটি নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। এই চলচ্চিত্রে শিশুশিল্পী ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন বিজয় চৌধুরী।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন