ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৭ আশ্বিন ১৪৩৩, ০৯ রবিউস সানি ১৪৪৮

নতুন পেশায় হাসান মাসুদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩:১২, ২২ সেপ্টেম্বর ২০২৬

নতুন পেশায় হাসান মাসুদ

ফাইল ছবি

সেনাবাহিনীর পোশাকে দেশের দায়িত্ব পালন করেছেন। এরপর সাংবাদিকতা পেশায় যুক্ত হন হাসান মাসুদ। সাংবাদিকতার পাশাপাশি অভিনয় শুরু করেন তিনি। একসময় অভিনয়ই হয়ে ওঠে তার প্রধান পরিচয়।

তবে বর্তমানে অভিনয়ে আগের মতো নিয়মিত নন হাসান মাসুদ। নতুন কাজেও তাকে খুব বেশি দেখা যায় না। এ কারণে দর্শকের মধ্যে তাকে নিয়ে আগ্রহ রয়েছে।

এরই মধ্যে নতুন পেশায় যুক্ত হয়েছেন এই অভিনেতা। মঙ্গলবার সকালে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হাসান মাসুদ।

জানা গেছে, একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। ‘রেইন গ্লোবাল’ নামের প্রতিষ্ঠানটি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। সেখানে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে দায়িত্ব নিয়েছেন হাসান মাসুদ।

ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কয়েকটি প্রচারণামূলক ভিডিওতেও তাকে দেখা গেছে।

কয়েক দিন আগে অভিনয় ছাড়ার গুঞ্জনেও আলোচনায় আসেন হাসান মাসুদ। তখন তিনি জানিয়েছিলেন, আপাতত অভিনয় করবেন না। হজ করে এসে ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।

তার ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরে বিষয়টি পরিষ্কার করে হাসান মাসুদ জানান, চিরতরে অভিনয় ছাড়ার কথা তিনি বলেননি। ভালো কনটেন্ট না পাওয়ার কারণেই বর্তমানে নিয়মিত কাজ করছেন না।

কয়েক মাস আগে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর হজ শেষে বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। এরপর অভিনয় ছাড়ার গুঞ্জনের মধ্যেই নতুন চাকরিতে যোগ দেওয়ার খবর সামনে এলো।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন