শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
ইহুদিদের সুক্কোত উৎসবের পঞ্চম দিনে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী। পুলিশের নিরাপত্তায় তারা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে অন্তত ৫০০ জন প্রবেশ করেন।
ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে সাবেক নেসেট সদস্য ও জেহুত পার্টির নেতা মোশে ফেইগলিনকে ধর্মীয় আচার পালন করতে দেখা গেছে।
সম্প্রতি ইসরায়েলের কয়েকজন আইনপ্রণেতা ও মন্ত্রীও আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। তাদের মধ্যে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও ছিলেন।
আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের পর বেন-গভির বলেন, ‘আমরাই এই বাড়ির মালিক, আমরা তাদের পরাজিত করেছি।’
আল-আকসা মসজিদ মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান। একই স্থাপনাকে ইহুদিরাও পবিত্র স্থান হিসেবে বিবেচনা করেন। মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি রাজনৈতিক নেতা ও বসতি স্থাপনকারীদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে।
সুক্কোত ইহুদি ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। উৎসবকে কেন্দ্র করে সাম্প্রতিক দিনগুলোতে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর উপস্থিতিও বাড়ানো হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই