শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:২৫, ৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:২৬, ৩ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নগরবাসীর চলাচলের সুবিধায় দখল হয়ে থাকা ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শনিবার (৩ অক্টোবর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে মানুষের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। কিছু ব্যবসায়ী ও হকার ফুটপাতে চকি-মাচা ও অন্যান্য স্থাপনা বসিয়ে রেখেছেন।
সম্প্রতি ১০ নম্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত এলাকার একটি ফুটপাত দখলমুক্ত করা হয়েছে বলে জানান তিনি। এ কাজে স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেছেন।
দখলমুক্ত ফুটপাত নিয়ে নগরবাসীর ইতিবাচক প্রতিক্রিয়ার কথাও তুলে ধরেন শফিকুল ইসলাম। তিনি বলেন, অনেকে জানিয়েছেন, ১৩ থেকে ২০ বছর ধরে তারা ওইভাবে ঢাকার রাস্তায় হাঁটতে পারেননি।
তিনি জানান, পর্যায়ক্রমে অন্য দখল হয়ে থাকা ফুটপাতও দখলমুক্ত করা হবে। কেউ পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধেও উচ্ছেদ অভিযান চালানো হবে।
দখলমুক্ত ফুটপাত পুনরায় দখল ঠেকাতে মনিটরিং টিম গঠন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে গঠিত দলটি প্রতিদিন সকাল, দুপুর, বিকাল ও সন্ধ্যায় ফুটপাত পর্যবেক্ষণ করছে।
এ ছাড়া ফুটপাতে কাউকে বসতে না দেওয়ার বিষয়ে মাইকিং করে প্রচারণাও চালানো হচ্ছে।
অনুষ্ঠানে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের প্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই