ঢাকা, রোববার, ০৪ অক্টোবর ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার মূলহোতা গ্রেপ্তার

প্রকাশ: ১৭:৩৫, ৩ অক্টোবর ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার মূলহোতা গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’ গ্যাংয়ের চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় গত ১০ দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

এ সময় সন্দেহভাজন দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপরাধে সম্পৃক্ততা না পাওয়া কিশোরদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ‘RAW’ গ্যাংয়ের ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০) গ্রেপ্তার হন।

এ ছাড়া ‘Crime Setup’ গ্যাংয়ের মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) এবং রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪) গ্রেপ্তার হয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ইমরান রতনের বিরুদ্ধে হত্যা মামলাসহ নয়টি মামলা রয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে রয়েছে ১০টি মামলা।

এ ছাড়া সাব্বিরের বিরুদ্ধে একটি এবং রবিউল ইসলাম নবীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাশাপাশি সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন