ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮

এসডিজি গ্রাম উন্নয়নে সমন্বিতভাবে কাজের তাগিদ রাঙামাটি ডিসির

রাঙামাটি প্রতিদিধি

প্রকাশ: ১০:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

এসডিজি গ্রাম উন্নয়নে সমন্বিতভাবে কাজের তাগিদ রাঙামাটি ডিসির

ছবি: ঢাকা এক্সপ্রেস

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এসডিজি গ্রামে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে দুর্গম মিতিঙ্গাছড়ি এসডিজি গ্রামে ‘এসডিজি স্থানীয়করণে অংশীজনদের ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করে কাপ্তাই উপজেলা প্রশাসন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে এসডিজি ভিলেজ উদ্বোধন করেছেন, তা বাস্তবায়নে সরকারি সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গ্রামের মানুষের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, বেকারত্ব দূর করতে হবে এবং ঋণ সহায়তার মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে তুলতে হবে। শুধু চাকরির ওপর নির্ভর না করে নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে হবে। মিতিঙ্গাছড়িতে রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামো শিগগিরই করা হবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজের সমন্বয়ক মো. মনজুরুল হক।

মতবিনিময় সভায় গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, মোবাইল নেটওয়ার্ক, সুপেয় পানির সংকট নিরসন, দারিদ্র্য বিমোচন, প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণের ব্যবস্থা, গ্যাস-সংকট সমাধান, শিল্পকারখানা স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান গ্রামবাসী। গ্রামবাসীর উত্থাপিত সমস্যার পরিপ্রেক্ষিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে বক্তব্য দেন।

উল্লেখ্য, টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে উন্নয়নের মডেল হিসেবে গত ১০ আগস্ট দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম একটি। এসব গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন