ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জে

প্রকাশ: ১৬:০১, ৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৩৮, ৩ অক্টোবর ২০২৬

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জে

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল সর্বোচ্চ তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, কেরানীগঞ্জের চুনকুটিয়ায় ঝিলমিল প্রকল্পের ১০ একর জমিতে ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে সেখানে অস্থায়ীভাবে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল স্থানান্তর করা হবে।

তিনি জানান, ডিপো তৈরির জন্য সরকার ১০ একর জমি ব্যবহারের অনুমতি দিয়েছে। রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জমি পাওয়ার পরিকল্পনা রয়েছে। এসব জমিতে স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণ করা হবে।

চুনকুটিয়ায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান মোসলেহ্ উদ্দিন আহমদ। দক্ষিণবঙ্গের ১৯ জেলার বাসসহ বিভিন্ন পরিবহন পর্যায়ক্রমে সেখানে স্থানান্তর করা হবে।

এ ছাড়া বাদামতলী আড়তের ট্রাকসহ অন্যান্য ট্রাকও সেখানে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

গুলিস্তান ও ফুলবাড়িয়ার টার্মিনাল স্থানান্তর প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সর্বোচ্চ তিন মাস সময় নিয়েছি। আশা করছি, সর্বোচ্চ তিন মাসের মধ্যে কাজটি সম্পন্ন হবে।’

তিনি বলেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাসগুলো চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে।

মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সবকিছু শৃঙ্খলাবদ্ধ নিয়মের মধ্যে পরিচালনা করতে চান তারা। কেউ অনিয়মের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঢাকায় অসহনীয় যানজট ও সড়ক পরিবহন খাতের বিশৃঙ্খলায় নগরবাসী অতিষ্ঠ। এ পরিস্থিতির পরিবর্তন সবাই চান।

আরও পড়ুন