শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪১, ৪ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বড় একটি তেল চুক্তির বিষয়ও এসেছে। এতে মধ্যপ্রাচ্যের কয়েকজন ব্যবসায়ী লাভবান হতে পারেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অনুমোদন প্রয়োজন। এর আওতায় রুশ জ্বালানি কোম্পানি লুকঅয়েলের তেলক্ষেত্র, শোধনাগার ও গ্যাস স্টেশন রয়েছে।
চুক্তির প্রক্রিয়ায় মার্কিন বিনিয়োগকারী টড বোয়েলি, মধ্যপ্রাচ্যের দুটি ব্যবসায়িক গোষ্ঠী এবং মার্কিন সরকারের একটি অঙ্গপ্রতিষ্ঠান যুক্ত রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মধ্যপ্রাচ্যের ওই দুই ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পরিবারের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ৫ সেপ্টেম্বর ক্রেমলিনে উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটির বিষয়টি তোলেন।
সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা সম্ভব—এ বার্তা রাশিয়ার জনগণের কাছে তুলে ধরতেই পুতিন চুক্তিটি সম্পন্ন করার প্রস্তাব দেন।
এ বিষয়ে হোয়াইট হাউস, মার্কিন ট্রেজারি বিভাগ ও লুকঅয়েলের কাছে মন্তব্য চাওয়া হলেও তারা কোনো সাড়া দেয়নি।
ঢাকা এক্সপ্রেস/এসআই