ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

সৌদির রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৩৮, ৪ অক্টোবর ২০২৬

সৌদির রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী।

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলার জবাবে শনিবার (৩ অক্টোবর) এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি দাবি করেন, অভিযানটি ‘সফলভাবে লক্ষ্য অর্জন করেছে’ এবং হামলার পর লক্ষ্যবস্তুতে আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সানা ও ইয়েমেনের অন্যান্য প্রদেশে ৬০টি বিমান হামলা চালানো হয়েছে। এতে হামলার মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২০টিতে। এসব হামলার জন্য তিনি সৌদি আরবকে দায়ী করেন।

হুতিদের এই মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অবরোধের জবাব অবরোধ দিয়ে এবং হামলার জবাব হামলা করেই দেওয়া হবে।’

এদিকে ইয়েমেনের সরকারের সমর্থনে গঠিত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সৌদি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে শনিবার রিয়াদে হামলা চালানোর বিষয়ে হুতিদের দাবি ‘বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, হুতিরা নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং তাদের কর্মকাণ্ড নিয়ে বাড়তে থাকা জনঅসন্তোষ থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা করছে। একই সঙ্গে বিশৃঙ্খলা ও ধ্বংস ডেকে আনা বিদেশি স্বার্থের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টিও আড়াল করতে চাইছে তারা।

২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে একটি সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে। এই জোট হুতি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও আরও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণে রয়েছে।

চলতি বছরের জুলাইয়ে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। তাদের দাবি ছিল, ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সৌদি নৌ ও বিমান অবরোধের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এরপর থেকে ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন