ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

নতুন বেতনকাঠামোয় তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা

প্রকাশ: ১৭:৪৭, ৪ অক্টোবর ২০২৬

নতুন বেতনকাঠামোয় তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা

ফাইল ছবি

নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন। তবে বকেয়ার পরিমাণ নির্ধারণ হবে পে ফিক্সেশনের পর। সোমবার (৫ অক্টোবর) থেকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ শুরু হবে। আগামী ২০ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া শেষ করতে বলেছে অর্থ বিভাগের।

আইবাস প্লাস প্লাসের পে ফিক্সেশন মডিউলে এই কার্যক্রম সম্পন্ন হবে। চাকরিজীবীদের জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, পদ, গ্রেড, যোগদানের তারিখ ও বর্তমান মূল বেতনের তথ্য দিতে হবে।

পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড হয়ে থাকলে সংশ্লিষ্ট অফিস আদেশ ও নথিও প্রস্তুত রাখতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে বেতন নির্ধারণে জটিলতা হতে পারে।

অর্থ বিভাগ সূত্র জানায়, নতুন ও পুরোনো বেতনের পার্থক্য এবং কার্যকর তারিখের ভিত্তিতে বকেয়া হিসাব হবে। তাই গ্রেড ও মূল বেতনের ভিন্নতার কারণে সবার বকেয়ার পরিমাণ এক হবে না।

গত ১৯ সেপ্টেম্বর সরকার নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি করে। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩০ জুন ২০২৬-এর মূল বেতনের ভিত্তিতে নতুন বেতন নির্ধারণ হবে। নতুন ও পুরোনো বেতনের পার্থক্যের ৪০ শতাংশ চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেওয়া হবে।

২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পার্থক্যের ৭০ শতাংশ দেওয়া হবে। এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে পুরো নতুন মূল বেতন কার্যকর হবে।

চাকরিজীবীদের দেওয়া তথ্য সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় যাচাই করবে। তথ্য ও নথিতে অসংগতি থাকলে তা সংশোধন করতে হবে।

বেতন নির্ধারণ চূড়ান্ত হওয়ার পর নতুন মূল বেতনের ভিত্তিতে বেতন বিল তৈরি হবে। একই সঙ্গে বকেয়া পাওনার হিসাবও চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন