শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৮:২৩, ২৪ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
আট বছর আগে ছেলেকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উম্মে কুলসুম নামে এক মা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে ছেলের হত্যার বিচার চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
উম্মে কুলসুম বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফের মা।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের ১০ এপ্রিল রাতে চাউলা বাজারে একদল দুর্বৃত্তের হামলায় কুপিয়ে হত্যা করা হয় তাঁর ছেলে আবু ইউসুফকে। এ ঘটনায় মো. মোশাররফ হোসেন হিরুকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেন তিনি। মামলার এজাহারভুক্ত অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উম্মে কুলসুম বলেন, হত্যাকাণ্ডের আট বছর পার হলেও তিনি কোনো বিচার পাননি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খুনিদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আমতলী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও যুবদল সভাপতি মো. কবির উদ্দিন ফকির, আঠারগাছিয়া ইউনিয়নের সাবেক সভাপতি মো. ফারুক হোসেন মৃধা, সাবেক সদস্যসচিব ডা. মো. জসিম উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই