শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০৪, ২৪ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার পর জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এর আগে একই দিন বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির নেতা-কর্মীদের মিছিলের প্রস্তুতির সময় একদল মুখোশধারী হামলা চালিয়ে গুলি করে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর সন্ধ্যা থেকে জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন জামায়াতের নেতারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বালুমহাল নিয়ে ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জেরে সোমবার বিকেলে ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একদল মুখোশধারী তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।
এ ঘটনায় গুলিবিদ্ধ পাঁচজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই