শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২২, ২৪ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন? আইনের প্রতি শ্রদ্ধা থাকলে তার উচিত আইনের কাছে আত্মসমর্পণ করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন। এ ঘটনায় দিল্লির কোনো ইন্ধন ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, কোথাও ভয়ংকর নীলনকশা চলছে।
তিনি বলেন, যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত।
বাংলার মাটি অত্যাচার সহ্য করে না উল্লেখ করে রিজভী বলেন, কোনো স্বৈরশাসককে আশ্রয় দেওয়া হবে না। দেশের বাইরে থেকে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আগুন দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির তিনজন খুন হওয়ার ঘটনায় পলাতক আওয়ামী লীগ নেতাদের দায়ী করেন রিজভী।
শেখ হাসিনা রাষ্ট্রীয় বিমান চেয়ে দেশে ফিরতে চান উল্লেখ করে রিজভী প্রশ্ন করেন, তার পেছনে শক্তি জোগাচ্ছে কে এবং কার ইচ্ছা ও জোরে তিনি এমন দাবি করছেন? আইনের প্রতি প্রকৃত শ্রদ্ধা থাকলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় লড়াই করতেন বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্ত, তেমনি পদ্মার ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কেউ আঘাত হানলে তার জবাব দেওয়া হবে। কেউ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না। শেখ হাসিনাকে স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রির প্রতীক বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই