শিরোনাম
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১১:২৮, ২৪ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কেবি কলেজ) জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. জেড. এম. রেজাউল করিম খান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক রিজিয়া সুলতানা এবং কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক ড. জিয়াউল হক। এ ছাড়া কলেজের শিক্ষক ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. জেড. এম. রেজাউল করিম খান বলেন, আজ যারা কৃতী শিক্ষার্থী এবং এই ভালো ফলাফলের পেছনে যাঁরা কারিগর, সেই কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং ৪৪ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এটি নিঃসন্দেহে দারুণ অর্জন। এই প্রতিষ্ঠানের উন্নয়নে যে ধরনের সহযোগিতা প্রয়োজন, বোর্ডের পক্ষ থেকে তা করা হবে।
তিনি বলেন, পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জনের শর্টকাট পথ নেই। আগামী দিনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে এবং ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা এমন একটি অস্ত্র, যার মাধ্যমে পৃথিবীকে বদলে দেওয়া সম্ভব। নিজেকে গড়ে তোলার এখনই সময়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে ভাবেন। প্রতিটি সভায় তিনি শিক্ষার মানোন্নয়ন নিয়ে কথা বলেন।
কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, কেবি কলেজের ফলাফল কোনো জাদুকরি ছোঁয়ায় আসেনি। আমরা বিশ্বাস করি, কেবল গতানুগতিক পড়াশোনা নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করেই ভালো ফলাফল অর্জন করতে হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম, আধুনিক ল্যাব, লাইব্রেরির ব্যবহার, নিয়মিত ক্লাসে উপস্থিতি, বিশেষ অনুশীলন, অভিভাবকদের সমর্থন এবং গভর্নিং বডির সার্বক্ষণিক দিকনির্দেশনায় কেবি কলেজের এ সাফল্য এসেছে।
তিনি আরও বলেন, এই অর্জন আমাদের জন্য ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রতিশ্রুতি। কঠোর অধ্যবসায় ও শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চললে অবশ্যই সফলতা আসবে। জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য স্মার্ট, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস