ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

সোহেল খানের মৃত্যুর আগে কী ঘটেছিল, জানালেন শাহরিয়ার নাজিম জয়

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:৪২, ২৪ নভেম্বর ২০২৬

সোহেল খানের মৃত্যুর আগে কী ঘটেছিল, জানালেন শাহরিয়ার নাজিম জয়

ফাইল ছবি

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার একটি হোটেলে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল খানের মৃত্যুর সময়কার ঘটনা তুলে ধরেন।

শাহরিয়ার নাজিম জয় জানান, বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন তারা। সেদিন সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল খান। এ সময় হোটেলের কক্ষে থাকা অবস্থায় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।

তিনি আরও জানান, প্রথমে বিষয়টিকে সকালের নাশতায় ড্রাগন ফল খাওয়ার প্রতিক্রিয়া বলে ধারণা করেছিলেন উপস্থিত ব্যক্তিরা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এদিকে সোহেল খানের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও স্মৃতিচারণ করছেন অনেকে। তার সঙ্গে শেষ শুটিংয়ের স্মৃতি তুলে ধরেছেন অভিনেতা ও সহকর্মী অনিন্দ্য দত্ত। তিনি জানান, ‘নসিব’ সিনেমার শেষ শুটিংয়ের সময় সোহেল খানের একটি ভিডিও তার কাছে রয়েছে, যা এখন শেষ স্মৃতি হয়ে থাকবে।

তানিয়া আক্তার নামে একজন সোহেল খানের ‘৬৯’ নাটকের কথা স্মরণ করে লিখেছেন, সেটি আজীবন মনে থাকবে। কাজী সজল মাহমুদ তাকে গুণী অভিনেতা ও ভালো মানুষ হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন।

এছাড়া তার অভিনীত একটি বিজ্ঞাপনের ‘ওরে কত কথা বল রে’ সংলাপের জনপ্রিয়তার কথাও স্মরণ করেছেন এক ভক্ত। শোক প্রকাশকারীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেছেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন