ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩, ১০ জমাদিউস সানি ১৪৪৮

সাইফ-অমিতাভকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩:৩৮, ২১ নভেম্বর ২০২৬

সাইফ-অমিতাভকে হত্যার হুমকি

ছবি: সংগৃহীত

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, অভিনেতা অভিষেক বচ্চন, সালমান খান, সাইফ আলি খানসহ মায়ানগরীর একাধিক তারকার ওপর হামলার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে বলিউডের অনেক তারকা বিষ্ণোই গ্যাং, খালিস্তানপন্থি জঙ্গিগোষ্ঠীসহ বিভিন্ন পক্ষের কাছ থেকে বেনামে হুমকি পেয়েছেন। গ্রেনেড হামলা চালিয়ে কারও বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। আবার কাউকে কোটি কোটি টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

এমনকি যেসব বলিউড তারকা হামলার লক্ষ্যবস্তুতে রয়েছেন, তাদের বাড়ি রেকি করেছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। এমন পরিস্থিতিতে বলিউডের অনেক তারকাকে সতর্ক করে বিভিন্ন বিধিনিষেধ জারি করেছিল মুম্বাই পুলিশ। এবার ‘মুম্বাইকে গ্যাংস্টারমুক্ত’ করার দাবি জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের দ্বারস্থ হয়েছে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ)।

সিনেতারকাদের নিরাপত্তা জোরদারের দাবিতে শুক্রবার সংশ্লিষ্ট সর্বভারতীয় চলচ্চিত্র সংগঠনটির পক্ষ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিনোদন জগতে এ ধরনের হুমকি অব্যাহত থাকলে তার প্রভাব শুধু তারকাদের নিরাপত্তার ওপরই পড়বে না, বরং চলচ্চিত্রশিল্পের ওপর নির্ভরশীল হাজারো মানুষের জীবন-জীবিকার ওপরও মারাত্মক প্রভাব ফেলবে।

চিঠির একটি অনুলিপি মুম্বাই পুলিশ কমিশনার দেবেন ভারতির কাছেও পাঠানো হয়েছে। এআইসিডব্লিউএর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তার পাঠানো ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো কোনো জঙ্গিগোষ্ঠীর পক্ষ থেকে মুম্বাইয়ে ২০০ জনকে প্রস্তুত রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। চিঠিতে মোট পাঁচটি দাবি জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘লাখ লাখ কর্মী, কারিগর, শিল্পী ও সেটকর্মীদের জীবিকা এখন ঝুঁকির মুখে। পরিস্থিতি এমন চলতে থাকলে বলিউডে তালা পড়ে যাবে। শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কর্মীরা কাজ হারাবেন এবং প্রযোজকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই সাইফ আলি খান, অমিতাভ-অভিষেক বচ্চন ও তাদের পরিবারের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করুন।

‘মুম্বাইয়ের সব চলচ্চিত্র ব্যক্তিত্বকে সুরক্ষা দিন। শুটিংয়ের স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করুন। এ ছাড়া গ্যাংস্টার ও তাদের নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন।’

পাশাপাশি চিঠিতে বলা হয়েছে, বলিউডের ব্যক্তিত্বদের মুম্বাইয়ের রাস্তায় অবাধে চলাফেরার সুযোগ থাকতে হবে। তারা যেন কোনো ভয় ছাড়াই শুটিং ও অন্যান্য কাজ চালিয়ে যেতে পারেন, সে ধরনের পরিবেশ তৈরি করতে হবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন