শিরোনাম
বিএমইউ প্রতিনিধি
প্রকাশ: ১১:২৮, ২০ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার বিভাগের দুই শিক্ষার্থী ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত ‘অ্যাপ্লিকেশনস অব বায়োটেকনোলজি ইন অ্যাকুয়াকালচার’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
ভারতের তামিলনাড়ু ড. জে. জয়ললিতা মৎস্য বিশ্ববিদ্যালয়ের (টিএনজেএফইউ) মৎস্য জীবপ্রযুক্তি বিভাগ এবং মৎস্য স্নাতকোত্তর শিক্ষা ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলেন মো. তৌহিদুর রহমান ও ফাবিয়া কবির তোহা। ভারতের চেন্নাইয়ে অবস্থিত টিএনজেএফইউর মৎস্য জীবপ্রযুক্তি বিভাগে তাদের এ বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে দেশে ফিরে শিক্ষার্থীরা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এম নিয়ামত এলাহীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা ভারতের আইএফপিজিএসে অর্জিত হাতে-কলমে পরীক্ষাগারভিত্তিক কৌশল ও আধুনিক গবেষণার অভিজ্ঞতা উপাচার্যের কাছে তুলে ধরেন।
এ সময় উপাচার্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করায় শিক্ষার্থীদের প্রশংসা করেন। তিনি সামুদ্রিক বিজ্ঞান ও মৎস্যবিজ্ঞানে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বমানের প্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের এ উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের সুনীল অর্থনীতি ও মৎস্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ভূ ও সমুদ্রবিজ্ঞান অনুষদের ডিন কমোডর মো. মিনারুল হকসহ সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মনে করছেন, এ আন্তর্জাতিক প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ গবেষণা ও কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
প্রশিক্ষণের অভিজ্ঞতা জানিয়ে শিক্ষার্থী মো. তৌহিদুর রহমান বলেন, চেন্নাইয়ের টিএনজেএফইউর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে জীবপ্রযুক্তির আধুনিক ব্যবহারিক দিকগুলো শেখা তার জন্য অসাধারণ অভিজ্ঞতা। এ প্রশিক্ষণ তাদের তাত্ত্বিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে, যা ভবিষ্যতে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি ও টেকসই জলজ প্রাণী চাষবিষয়ক গবেষণায় কাজে লাগবে।
অপর শিক্ষার্থী ফাবিয়া কবির তোহা বলেন, আন্তর্জাতিক মানের পরীক্ষাগারে কাজের অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দুই বিশ্ববিদ্যালয়ের এ যৌথ উদ্যোগ তরুণ গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ এবং উচ্চতর গবেষণায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।
আন্তর্জাতিক এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান দুই শিক্ষার্থীর ভবিষ্যৎ কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের এ দুটি মৎস্য ও সামুদ্রিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা এবং শিক্ষার্থী বিনিময় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস