ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩, ১০ জমাদিউস সানি ১৪৪৮

নেবিতে চালু হচ্ছে নতুন ৩ বিভাগ, ৮ প্রতিষ্ঠানের চুক্তি

নেবি প্রতিনিধি

প্রকাশ: ১৩:৩৪, ২১ নভেম্বর ২০২৬

নেবিতে চালু হচ্ছে নতুন ৩ বিভাগ, ৮ প্রতিষ্ঠানের চুক্তি

ছবি: ঢাকা এক্সপ্রেস

আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে নতুন আরও তিনটি বিভাগ চালু হতে যাচ্ছে। বিভাগগুলো হলো— ‘এআই অ্যান্ড ডেটা সায়েন্স’, ‘ম্যাটেরিয়াল সায়েন্স’ এবং ‘স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন’।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের টিএসসি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নতুন বিভাগগুলো চালুর কথা জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন বিষয়ক মতবিনিময় ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ খালেদ উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান।

অনুষ্ঠানে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, শিক্ষার মানোন্নয়নে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি যুগোপযোগী কারিকুলাম ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ জরুরি। এ সময় তিনি ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদার, শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি, বিদেশি ভাষা শিক্ষা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় শেষে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আটটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রিগ্যাল ফার্নিচার, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, ইলেকট্রো মার্ট লিমিটেড, এস এস ফুড প্রোডাক্টস এবং গ্রিন এনার্জি বায়োফুয়েল ইন্ডাস্ট্রিজ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মুহম্মদ সাইফুল ইসলাম এবং প্রতিষ্ঠানগুলোর পক্ষে সংশ্লিষ্ট প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আবু সায়েম মো. মোহসীন। শিল্পপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, গ্রিন এনার্জি বায়োফুয়েল ইন্ডাস্ট্রিজ ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ খালেদ উজ্জামান অতিথি ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। অর্থনীতি বিভাগের প্রভাষক সামিয়া জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের উপস্থিতিতে আয়োজিত এ মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন