ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ঢাবির ভর্তি কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪৩, ২২ নভেম্বর ২০২৬

ঢাবির ভর্তি কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ও ভর্তি কার্যক্রমের পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে দ্রুত ভর্তি কার্যক্রম শেষ করতে বলার পরও শেষ পর্যন্ত তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা ও ফল প্রকাশের দীর্ঘসূত্রতা কমাতে তিনি কাজ করছেন। একজন শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করতে অযথা সময় নষ্ট হচ্ছে। এসএসসি পরীক্ষার পর ফল প্রকাশে এক বছর এবং এইচএসসি পরীক্ষার পর আরও সময় চলে যাচ্ছে। এতে একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও কর্মজীবনে প্রবেশ বিলম্বিত হচ্ছে।

তিনি বলেন, ‘আমি তড়িঘড়ি করে ৬০ দিনের মধ্যে রেজাল্ট দিলাম। আবার এতগুলো খাতা রি-এক্সামিন করে এই ২৩ তারিখে রেজাল্ট দেব। ঢাকা ইউনিভার্সিটিকে বলেছি, আপনারা তাড়াতাড়ি ভর্তি করেন। ও মা, উনারা নিজেরা নিজেরা এমন প্ল্যান করলেন, শেষকালে আমাকে স্মরণ করতে হলো কোর্টে।’

আদালতের দ্বারস্থ হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, কোনো বিষয়ে সমস্যা হলেই শিক্ষকদের হাইকোর্টে যাওয়ার প্রবণতা তিনি বুঝতে পারেন না। আদালতে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে আলোচনা ও সমাধানের চেষ্টা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ রাখতে আদালতের স্থগিতাদেশ পাওয়ার পেছনে বিষয়টি যথাযথভাবে উপস্থাপন করা হয়েছিল কি না, তা নিয়েও তাঁর প্রশ্ন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমন্বয় বাড়িয়ে ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করা এবং সেশনজট নিরসনের ওপর গুরুত্ব দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে ধারাবাহিকতার অভাব রয়েছে। নতুন সরকার নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে সেশনজট নিরসন করবে, সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে দাবি করতে পারে। তবে অর্থায়ন ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে সরকারের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ও সরকারের সঙ্গে সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন