ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ইয়াবা ব্যবসায় আমার দলের অনেক লোক জড়িত: এমপি মিঠু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২:০২, ২৪ নভেম্বর ২০২৬

ইয়াবা ব্যবসায় আমার দলের অনেক লোক জড়িত: এমপি মিঠু

ছবি: ঢাকা এক্সপ্রেস

বড়লেখা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নিজের দলের অনেক নেতা-কর্মীর ইয়াবা ব্যবসায় জড়িত থাকার কথা জানিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমদ মিঠু।

সোমবার (২৩ নভেম্বর) বড়লেখা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি মিঠু।

এ সময় তিনি বলেন, “লুকোচুরির কোনো বিষয় নাই। ইয়াবা ব্যবসার সঙ্গে আমার দলের অনেক লোক জড়িত আছে। আপনারা ধরেন না কিসের জন্য? আমি শুনি আপনারা জানেন। আবার আমার কাছে অনুমতি চান। আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি আজকের হাউসে, আপনারা এগুলা বড় ধরনের অপারেশন করে ধরবেন। কে বিএনপি করলো, কে আওয়ামী লীগ করলো, কে জামায়াত করলো, এটা তো বড় ইস্যু নয়।”

তিনি আরও বলেন, “আমার দলের লোক যদি এটার সঙ্গে জড়িত আপনারা পান, আপনারা ডাবল ব্যবস্থা নেবেন। সিঙ্গেল ব্যবস্থা নেবেন না। তারপরেও আপনাদের সৎ সাহস আমি পাই নাই।”

মহিষের গাড়ি চলাচল প্রসঙ্গে এমপি বলেন, “বাজারের ওপর দিয়ে আজ থেকে রাতে কোনো মহিষের গাড়ি গেলে এর জন্য অফিসার ইনচার্জ আপনি কিন্তু দায়ী থাকবেন। আপনাকে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছি, সবকিছু ব্যবস্থা করে দিয়েছি। এ ধরনের সমাজে আমরা বসবাস করতে চাই না।”

গরু চুরি প্রসঙ্গে তিনি বলেন, “পিকআপে তুলেই গরু চোরেরা গরু চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে চেয়ারম্যান সাহেবদের আরও সজাগ থাকতে হবে।”

তিনি বলেন, “আগামী সপ্তাহ থেকে পড়ালেখা এবং কিশোর গ্যাংয়ের চিত্রটা আমরা অন্যভাবে দেখতে চাই। ওসি সাহেব বলেছেন, বাবা নিজের ছেলেকে নিয়ে কোপ দিতে গেছে। এটাই তো কিশোর গ্যাং।”

রাত ২টার দিকে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ থেকে ২০-২৫ জন তরুণের জুড়ী ডাকবাংলো এলাকায় আসার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “এদের পেলে সরাসরি থানায় ধরে নিয়ে যাবেন, মোটরসাইকেলসহ। প্রথমে কাগজপত্র দেখবেন, না থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। প্রয়োজনে মা-বাবাকে এনে স্ট্যাম্পে মুচলেকা নিয়ে তারপর ছাড়বেন।”

স্কুল-কলেজ সরকারি না করাই ভালো বলে মন্তব্য করেন এমপি মিঠু। তিনি বলেন, সরকারি করলেই ফল খারাপ হয়ে যায়। পিসিআই স্কুলের শিক্ষক সংকটের কথা তুলে ধরে তিনি জানান, ছয় মাসের মধ্যে এ সমস্যা সমাধানে কাজ করছেন।

প্রত্যেক কলেজে অভিভাবক সভা করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ডিসেম্বরের প্রথম দিকে তিনি ও ইউএনও উপস্থিত থেকে অভিভাবকদের নিয়ে সভা করবেন। কারণ অভিভাবকদের অবহেলাই সবচেয়ে বেশি।

আগামী মাস থেকে ইউনিয়ন পর্যায়ে নিয়মিত আইন-শৃঙ্খলা সভা করার নির্দেশ দেন তিনি।

সবশেষে, গত দুই-তিন দিন আগে দুর্গম পাহাড়ের ভেতরে ‘কুসিং’ মোকাবিলায় সফল হওয়ায় বিজিবি ৫২ ব্যাটালিয়নকে ধন্যবাদ জানান এমপি মিঠু।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি, চেয়ারম্যানসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন