ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

সাইনবোর্ডে চলন্ত বাসে আগুন, পুড়েছে ভেতরের মালামাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২:২৮, ২২ নভেম্বর ২০২৬

সাইনবোর্ডে চলন্ত বাসে আগুন, পুড়েছে ভেতরের মালামাল

ছবি: ঢাকা এক্সপ্রেস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি ঢাকার আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় বাসটির পেছনের অংশে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে চালক, হেলপার ও বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়।

বাসটির চালক জামাল হোসেন (৩২) ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। হেলপার হিসেবে কর্মরত ছিলেন নয়ন নামে একজন। বাসটির মালিকের নাম মিম বলে জানা গেছে।

কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চালককে জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পরপরই আগুনের সূত্রপাত হয়।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন