ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:০৩, ২৪ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ফাইল ছবি

বছরের শেষ সময়ে টানা ছুটির অপেক্ষায় শিক্ষার্থীরা। ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, নির্ধারিত সময়ে বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির দিনের সংখ্যায় রয়েছে ভিন্নতা। কোন প্রতিষ্ঠানে কত দিন ছুটি থাকছে, তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ১৮ দিন ছুটি পাচ্ছে কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন এবং মাদরাসায় ১৫ দিন ছুটি থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ থাকবে।

এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। পাশাপাশি ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে টানা ১২ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।

মাধ্যমিক বিদ্যালয়

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও একই সময়ে শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি পাবে।

কলেজ

সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষার্থীরা এবার সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে। প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে কলেজ বন্ধ থাকবে।

এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। পাশাপাশি ৩১ ডিসেম্বর বৃহস্পতিবারের পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজগুলোতে সব মিলিয়ে টানা ১৮ দিন ছুটি থাকবে।

মাদরাসা

সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানে টানা ১৫ দিন বন্ধ থাকবে।

এদিকে ডিসেম্বরের এই ছুটির মধ্য দিয়ে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত বার্ষিক ছুটির তালিকা শেষ হবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি প্রয়োগ করা হলে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন অতিরিক্ত ছুটি পেতে পারেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন