ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

নজরুল ইসলাম মোল্লার ছোটগল্প ‘অভিমান’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:৩৩, ২৪ নভেম্বর ২০২৬

নজরুল ইসলাম মোল্লার ছোটগল্প ‘অভিমান’

ছবি: ঢাকা এক্সপ্রেস

- দেখলেন তো সবাই বদমাইশটার কাণ্ড। আমি দরবার ডাকলাম। আপনারা সবাই আসলেন। সে আমার ডাকে সাড়াই দিল না। এটাতো শুধু আমাকে অপমান করা নয় , গোষ্ঠীর সবার মুখে থুতু দেওয়া। আর সে আসবে কোন মুখে? যে নাকি বড় ভাইয়ের বৌয়ের ইজ্জত লুটতে রাতের অন্ধকারে দরজা ভেঙে ঘরে ঢুকে, তার কি দরবারে আসার সৎ সাহস থাকে? সে কি শুধু একটা নারী লোভী? চুরি-ডাকাতি, জুয়া ,মাদক সেবন - এমন কোনো বাজে কাজ নেই যার সাথে সে জড়িত নয় । কথাগুলো বক্তৃতার মতো গড়গড় করে বলছিলেন আলম গঞ্জের মোড়ল বাড়ির নেতা ও শোভা গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছাবেদ মোড়ল ।

- ঠিক কইছো চেয়ারম্যান। বাহার আমগর বংশের একটা কুলাঙ্গার। এহন কিতা করা যায়, তাই কও ।
- একজন কুলাঙ্গারের জন্যতো আমাদের ঐতিহ্য নষ্ট করা যায় না।
- জ্বি কাকা , ঠিক বলেছেন। একজন তরুণ চেয়ারম্যানের কথার সাথে তাল মিলিয়ে বলে উঠলো।
- এহন সিদ্ধান্ত নেও । একজন মুরুব্বি বললেন।
- আমি বলি কি আগামীকাল সালেহ আহমেদ থানায় গিয়ে সরাসরি নারী নির্যাতনের মামলা করে আসুক , আমরা সবাই সাক্ষ্য দেবো । জেলে পচে মরলেই ভণ্ডটার উচিত শিক্ষা হবে। 

সন্ধ্যারাতে মোড়ল বাড়ির উঠোনে আলোচনা চলছিল। পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে আজ বাহারের বিচারের আয়োজন। বাহারের বিরুদ্ধে অভিযোগ - গত পরশু রাতে তারই প্রবাসী চাচাতো ভাই মাহিনের স্ত্রী জাহেদার থাকার ঘরের দরজা ভেঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করা।

জাহেদার দুলাভাই সালেহ আহমেদ। সালেহ আহমেদ বাদী। জাহেদার বুকফাটা আহাজারিতে শুধু তার দুলাভাই একা নয় , ঐতিহ্যবাহী মোড়ল বাড়ির সবাই এমন জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চায় । প্রথমে সবাই ভেবেছিল পারিবারিক ভাবে বিচার করার। কিন্তু বাহারের দরবারে অনুপস্থিতিতে সবাই ক্ষুব্ধ হয়েছে।

বাহারও মোড়ল বাড়ির এক শিক্ষিত তরুণ। দীর্ঘদিনের বেকারত্ব ও কী এক অজানা মানসিক যন্ত্রণায় বাহার অনেকটা বিপথগামী। চুরি- ডাকাতি না করলেও, নারী লোলুপ না হলেও, বেহুদা ঘোরাঘুরি, উদ্ভ্রান্তের মতো চলাচল ইতোমধ্যে অনেককেই সে বিরক্ত করে ফেলেছে। একটা কথা আছে - গোষ্ঠী ভাত খেতেও ভালো চোখে দেখে না, জাত যেতেও না। বাহারের বেলায় ঠিক তাই হয়েছে।

চোখে মুখেও মাদকাসক্তির চিহ্ন ফুটে উঠে । কেউ কারণ জিজ্ঞেস করলে ' কিছু হয়নি তো । আমিতো বেশ আছি' বলেই পাশ কেটে চলে যায়। নিজের বৃদ্ধা মা ও বড় ভাই দবির অনেক বলে কয়ে কোন পরিবর্তন করতে পারেনি। কেউ বেশি কিছু বললে -কতক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। চোখে মিছিল করে অশ্রু। বক্তার সাথে বিধ্বংসী ঝড়ো হাওয়ার মতো গর্জে উঠে । আত্মীয় স্বজন এবং প্রতিবেশী হিতাকাঙ্ক্ষীরাও তার বিষণ্নতার কারণ বের করতে পারেনি।

গত পাঁচ দিন আগে কাজের মেয়ে রেজিয়ার ‘মামু ,মামু’ ডাকে বাহারের ঘুম ভাঙে । সকাল নয়টা বাজে যদিও তা বাহারের জাগার সময় নয় । সে রাতে কখন বিছানায় যায় তার ঠিক নেই। তবে সকাল এগারোটার আগে বিছানা ছাড়ে না। কখনো কখনো শেষ রাতের দিকে বাড়ির পশ্চিম দিকের ভিটে হতে তার কণ্ঠের গান শোনা যায়।

রাতের খাবারই খায় কখন, কখন শুতে যায়, জঙ্গলাকীর্ণ ভিটায় এত রাতে কোন সাহসে একা একা বসে উদাস কণ্ঠে গানের সুর তুলে, এসব শুধু তারই জানা। বৃদ্ধা মার জানা থাকলেও, সবার সাথে কেন জানি চেপে যায়। হয়তো নিজের সন্তানের সম্মান রক্ষার্থে, নয়তো সন্তানের বিষণ্নতাকে বাড়িয়ে না দিতে। 

-কী হয়েছে? এমন চেঁচাচ্ছিস কেন?
-কাইল রাইতে জাহেদা মামির ঘরে আছিলাম। মাইঝ রাইতে আমার ঘুম ভাইঙ্গা যায়। দেহি ----------
বাকিটা আর রেজিয়া স্পষ্ট করে বলে না। বাহারকে ফিসফিস করে বলে দিয়ে তার কাজে লেগে যায়। বাহারের শ্বাস-প্রশ্বাস দ্রুত বেগে বইতে থাকে। রেজিয়াকে বিশ্বাস করতে পারে না, বিশ্বাস না করেও থাকতে পারে না। দুরমুর করে শয্যা ছাড়ে। ফ্রেশ হয়ে নাস্তা সারে। নাস্তা করার সময় মায়ের সাথে বিষয়টা শেয়ার করে। মা বাহারকে ধমক দিয়ে থামিয়ে দেয়।
-চুপ , নিজের বড় ভাই সম্পর্কে এমন কথা বলতে তোর জিহ্বাতে একটুও আটকাচ্ছে 
-আহ্ মা! রেজিয়া -
-তোর মাতোব্বরি করতে হবে না। তুই তোর গোষ্ঠী উদ্ধারের কাজে যা। আমি এসব দেখছি। বাহার আর কথা না বাড়িয়ে খাবার রুম ত্যাগ করে।
মা হয়তো দবিরকে কিছু বলেছিলেন।
সত্যিকারের অপরাধীর অস্থির মন নিয়ে দবির হয়তো জাবেদার সাথে পরামর্শ করেছে বাহারকে ফাঁসিয়ে দিতে। নিজের ঘৃণ্য অপরাধ ঠেকাতে কখনো কখনো পিতা তার ঔরসজাত পুত্রের ঘাড়ে কলঙ্ক চাপিয়ে দেয়- - এমন নজিরও আমাদের সভ্য সমাজে আছে। সেখানে দবির নিজেকে বাঁচাতে ছোট ভাইকে ফাঁসিয়ে দেবে - তাতে আশ্চর্যের কিছু নেই। আর জাবেদারওতো নিজেকে বাঁচাতে হবে। 

শুধু অপরাধী দু'জনই নয়, এলাকার সবাই বাহারকে ঠোঁট কাটা বলে জানে। ওকে বিশ্বাস নেই। কখন ক্রোধের বশে কী সর্বনাশ করে বসে তার নিশ্চয়তা নেই। তাই আগেভাগে ওকেই কয়েদি করার নাটকটা সুন্দরভাবে মঞ্চস্থ করে নেয়া।

পরশুদিন দুপুরে বাহার বিচারের বিষয়টা শুনেই ঊর্ধ্বশ্বাসে মার কাছে ছুটে এসে সব খুলে বলে। মা কাঁদো কাঁদো কণ্ঠে বাহারকে নীরব থাকতে বলে। প্রকৃত সত্য উদঘাটন করতে নিষেধ করে। বাহার মায়ের কথাই রাখে। নিজেকে সান্ত্বনা দেয় এই বলে যে, ‘তার জীবনে তো কলঙ্কের অভাব নেই। আরেকটা যোগ করে নিলে তেমন কোন কিছুই হবে না। ভাই সমাজে খুব ভদ্র, সম্মানী ব্যক্তি। ভাইয়ের মুখটাই থাক, মায়ের কথাও র রক্ষা হোক।’

সে নাটকেরই যা কিনা চেয়ারম্যান ছাবেদ মোড়ল ও তার ঐতিহ্যবাহী গোষ্ঠীর সবাই মিলে টানছে।

বাহার বৈঠকের অদূরেই একটা উজাড় ভিটায় বসেছিল। - গুনগুন করে গান গাচ্ছিল আর একটার পর একটা সিগারেট টানছিল। চেয়ারম্যান সহ অন্যান্য মুরব্বিদের কুর্দন, অশ্লীল গালি গালাজ শুনছে , আর বিড়বিড় করে নিজেকে বলছে, ‘কখনো কখনো হারতে হায়রে পাগল। নিজেকে হারিয়ে অন্যকে জিতিয়ে দিতে হয়। ধবধবে সাদা বসনকে দাগ-মুক্ত রাখতে কলঙ্কের কালি নিজের গায়ে মেখে নেবার আনন্দই যে আলাদা।’

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন