ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩, ১০ রবিউস সানি ১৪৪৮

রাশেদ রেহমানের কবিতা ‘দুঃখ সুখের যমুনা’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:৩১, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৬

রাশেদ রেহমানের কবিতা ‘দুঃখ সুখের যমুনা’

রাশেদ রেহমান

দুঃখ সুখের যমুনা

যমুনারে তোর চরে জন্মেছি, বুকে জমা সেই স্মৃতি
তীর ভাঙনে নিঠুর প্লাবনে; ভুলবো না তবু প্রীতি।
শান্ত নদীর অপরূপ শোভা দেখেছি নয়নভরে,
মাছরাঙ্গা-ঘুঘু-গাঙচিল-বক উড়তো চরে চরে।
পাল উড়ায়ে পানসীরা যেত কখনো’বা গুন টেনে,
ছলাৎ ছলাৎ বাইতো মাঝিরা বৈঠা ও লগি হেনে।
কলার ঢোঙরে জুতা পরে পায় হেঁটেছি দুপুর হলে,
তপ্ত বালুর মরুময় চর দুই পায়ে গেছি দলে।
ভেজা বালি দিয়ে অট্রালিকাও গড়েছি তটে বসে,
একটু বালি শুকিয়ে গেলেই পড়তো খসে খসে।
নল নল আর ঝাপুর ঝুপুর আরো কত জলকেলি,
গামছাতে ভরে ছোট মাছ ধরে নদীতে দিয়েছি ফেলি।
রিনিঝিনি সুর কতো যে মধুর ঢেউ তোলে কাশফুলে,
বকের সারি বালিহাঁস চিল ডুবে নিতো মাছ তুলে।
বর্ষা এলে পলি আর পলি উর্বরা মেঠো প্রান্তর,
সোনার ফসলে অবারিত চর ভরে দিত অন্তর।
যেখানেই থাকি সদা মনে রাখি জন্মদাত্রী নদী,
তোর বুক-চরে যাই যেন মরে প্রার্থনা নিরবধি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন