শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০১, ২ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কবি ও সাংবাদিক মো. আলমগীর হোসেনের একক কাব্যগ্রন্থ ‘স্মৃতির প্রত্নতত্ত্ব’ প্রকাশিত হয়েছে। জমকালো আয়োজনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার আয়োজনে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
‘স্মৃতির প্রত্নতত্ত্ব’ কাব্যগ্রন্থে যমুনাতীরবর্তী মাটি ও মানুষের জীবনবোধ তুলে ধরা হয়েছে। ফেলে আসা দিনগুলোর স্মৃতি এবং শেকড়ের টানে লেখা কবিতা দিয়ে সাজানো হয়েছে গ্রন্থটি।
বইটি প্রকাশ করেছে ‘কমলা রোদ প্রকাশনী’। এর প্রকাশক শরিফুল সোহান। প্রচ্ছদ করেছেন শশো ব্যাপারী। অমর একুশে বইমেলায় উজান ও বুলবুল প্রকাশনীর স্টলে পাওয়া যাবে বইটি। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম রকমারিতেও পাওয়া যাবে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) থেকে রাজধানীর কাঁটাবনের উজান লাইব্রেরিতেও বইটি পাওয়া যাবে।
আলমগীর হোসেনের এর আগে ‘দ্য হাইব্রিড অব কালচার’ ও ‘বেয়ারিংয়ের তিন চাকা’ নামে দুটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘স্মৃতির প্রত্নতত্ত্ব’ তার প্রথম একক কাব্যগ্রন্থ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কবির সাহিত্যসাধনা ও সাংবাদিকতা জীবনের মুন্সিয়ানা তুলে ধরে বক্তব্য দেন। তারা বইটির সার্বিক সাফল্য কামনা করেন। মোড়ক উন্মোচন শেষে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অতিথিদের হাতে বইয়ের কপি তুলে দেওয়া হয়।
নতুন এ কাব্যগ্রন্থটি সাহিত্যপ্রেমী পাঠকদের মনে গভীর দাগ কাটবে এবং বাংলা কবিতার ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
ঢাকা এক্সপ্রেস/এসএস