ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

কামরুজ্জামান ভূঁইয়ার কবিতা ‘তোমাকে পড়তে চাই’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:২২, ২৪ অক্টোবর ২০২৬

কামরুজ্জামান ভূঁইয়ার কবিতা ‘তোমাকে পড়তে চাই’

ছবি: কামরুজ্জামান ভূঁইয়া

তোমাকে পড়তে চাই

তোমাকে প্রিয় কোনো বইয়ের মতো
পড়তে চাই
পাতা উল্টাতে উল্টাতে,
প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি লাইন,
দাঁড়ি, কমা, সেমিকোলন পর্যন্ত
মুখস্থ করে নিতে চাই।

তোমাকে আমি গল্পের মতো
ধীরে ধীরে উন্মোচিত হতে দেখি,
প্রতিটি নতুন শব্দে লুকানো অর্থ খুঁজি,
আর নিঃশব্দে নিজেকেই নতুন করে আবিষ্কার করি।

তোমাকে আমি বৃষ্টির মতো ছুঁতে চাই
অচেনা, নরম এক স্পর্শে,
যেখানে প্রতিটি ফোঁটায় জমে থাকা অনুভূতি
নিঃশ্বাসে নিঃশ্বাসে মিশে যায়।

তুমি আমার সন্ধ্যার আলোর মতো
অন্ধকার নামার আগে শেষ মায়াবী উজ্জ্বলতা,
তোমার চোখের গভীর মগ্নতায়
ডুব দিয়ে হারিয়ে যেতে চাই।

তোমাকে আমি কবিতার মতো আগলে রাখি,
বারবার পড়ি-তবু শেষ হয় না,
প্রতিটি লাইনে নতুন করে ভালোবাসি,
তবু বলা হয় না, শেষটা আর বলা হয় না।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন