ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৬, ২৪ অক্টোবর ২০২৬

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতীকী ছবি

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। 

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর-চাঁচড়া-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের মঙ্গলগতি এলাকার সিয়াম হোসেন (১৮), জয় (১৮) ও রোহান (১৯)। এ ঘটনায় বেজপাড়া এলাকার রিফাত (১৭) ও ওমর (১৭) গুরুতর আহত হয়েছেন।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, পাঁচ তরুণ একটি মোটরসাইকেলে করে বেনাপোলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়াম, জয় ও রোহানকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত ও ওমর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নিহত তিন তরুণের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন