শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫৮, ২৩ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বরগুনার পাথরঘাটায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৯টি মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাথরঘাটা পৌরসভার নীলিমা পয়েন্টসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ৭ জনের বয়স ১৮ বছরের নিচে, ১২ জনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং বাকি দুজনের বয়স ২৫ বছরের বেশি। তাঁদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
এর আগে গত ১৬ অক্টোবর পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনি। ওই সভায় তিনি পাথরঘাটা থেকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কঠোর নির্দেশনা দেন।
পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম বলেন, চিফ হুইপ পাথরঘাটাকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত দেখতে চান। পুলিশ সুপারও আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ২১ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই