শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৫, ২১ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শাহীন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের উত্তরে কুমারপাড়া রেলক্রসিং-সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত শাহীন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ফয়েজ ব্যাপারির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের কাছে পৌঁছানোর আগে শাহীন রেললাইনে শুয়ে পড়েন। ট্রেনের চালক হর্ন বাজিয়ে সতর্ক করলেও তিনি সরে যাননি। কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ট্রেনটি কাছে এলে তিনি দৌড়ে গিয়ে এর নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন স্টেশন মাস্টার মুনতাসির মামুন মানিক লিখিত বার্তায় বিষয়টি রেলওয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুদ্দুস হাওলাদার জানান, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই