ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

ব্যাংক খাত থেকে ৪০ বিলিয়ন ডলার লুটের অভিযোগ সাবেক সরকারের বিরুদ্ধ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৫:৫৪, ২১ অক্টোবর ২০২৬

ব্যাংক খাত থেকে ৪০ বিলিয়ন ডলার লুটের অভিযোগ সাবেক সরকারের বিরুদ্ধ

ছবি: ঢাকা এক্সপ্রেস

আওয়ামী লীগ সরকার ব্যাংক খাত থেকে ৪০ বিলিয়ন ডলার লুট করে রেখে গেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে জেলায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

সভায় অর্থ উপদেষ্টা বলেন, সংস্কার বাস্তবায়ন না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে—সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন তথ্য ভুল ও অপতথ্য। সরকার নিজেই সংস্কার কর্মসূচি ও অগ্রাধিকার নির্ধারণ করেছে। ব্যাংক খাত ও জাতীয় রাজস্ব বোর্ডে প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রগুলোও চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, সরকারের নির্ধারিত সংস্কার অগ্রাধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। ইতোমধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের কিছু লক্ষণ দেখা যাচ্ছে।

বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর বিষয়ে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, এ লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংকের সহযোগিতায় বেসরকারি খাতে ৬০ হাজার কোটি টাকার বেশি অর্থপ্রবাহ তৈরি হবে বলে আশা করছে সরকার।

তিনি আরও বলেন, আগের সরকার ব্যাংকব্যবস্থাকে দুর্বল করে রেখে গেছে। ব্যাংক খাতের তহবিল ঘাটতি পূরণ এবং লুট হওয়া অর্থের ক্ষতি কাটিয়ে ওঠা এখন বড় চ্যালেঞ্জ। বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করতে ৬০ হাজার কোটি টাকার একটি কর্মসূচিও নেওয়া হয়েছে।

দারিদ্র্য পরিস্থিতি তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির কারণে দেশে দারিদ্র্য বেড়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণের মতো উদ্যোগ মানুষের জীবনযাত্রার উন্নয়ন এবং দারিদ্র্য কমাতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জ্বালানি নীতির সমালোচনা করে তিনি বলেন, ভুল নীতির কারণে বর্তমান জ্বালানি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সৌরবিদ্যুতের প্রসারের সুযোগ থাকলেও আগের সরকার এ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হলেও এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা তথ্য কর্মকর্তা রেখা এবং জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন