শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৫:১৯, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:২৭, ২১ অক্টোবর ২০২৬
শৈলকুপায় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
দুর্নীতি বন্ধ করতে হলে সবার আগে রাজনৈতিক নেতৃত্বকে দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।”
বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। উপস্থিত শিক্ষক ও সাংবাদিকেরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে আর্থিক অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, নিয়োগে টাকা-পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, “স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে অনেকেই দুর্ব্যবহার করছেন, এটা সহ্য করা হবে না। আবার প্রধান শিক্ষক ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সঙ্গে জড়িত হবেন, সেটাও সহনীয় নয়।”
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে সামলানো শিক্ষকদের জন্য কঠিন হয়ে উঠছে। তরুণদের মাদকের দিকে ঝুঁকে পড়া নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এই প্রজন্মকে মাদক থেকে ফিরিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের নিয়ে নতুন করে ভাবতে হবে এবং শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও দিগনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ।
এছাড়াও, সভায় বক্তব্য দেন সাংবাদিক তাজনুর রহমান ডাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, মাদ্রাসাশিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, কলেজশিক্ষক প্রতিনিধি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলাম।