ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

জামায়াতি আদর্শ বিস্তারের অভিযোগে দল ছাড়লেন এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২৩, ১৭ অক্টোবর ২০২৬

জামায়াতি আদর্শ বিস্তারের অভিযোগে দল ছাড়লেন এনসিপি নেতা

ছবি: সংগৃহীত

দলে জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে, এমন অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আবদুর রহমান। একই সঙ্গে দলের সব ধরনের সাংগঠনিক পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী। তার দাবি, নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক জোট গঠনের মাধ্যমে দলটির কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর আদর্শের বিস্তার ঘটেছে।

পদত্যাগপত্রে আবদুর রহমান উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটির হাত ধরে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এনসিপি গঠনের প্রক্রিয়ায় তিনি যুক্ত হয়েছিলেন। বহুত্ববাদী গণতান্ত্রিক চেতনা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি তাকে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে উদ্বুদ্ধ করেছিল।

তবে দলটির সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্ত ও নির্বাচন-পরবর্তী অবস্থান নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন তিনি। আবদুর রহমানের অভিযোগ, রাজনৈতিক জোট ও আদর্শিক জোট কখনো এক হবে না—এমন প্রত্যাশা নিয়ে তিনি সংগঠনে থাকলেও বাস্তবে রাজনৈতিক জোটটি আদর্শিক জোটে রূপ নিয়েছে। জামায়াতকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরে দ্বিচারিতা বেড়েছে। এ ছাড়া বহু প্রতিষ্ঠাকালীন মেধাবী ও সম্ভাবনাময় নেতাকর্মী ইতোমধ্যে এনসিপি ছাড়তে বাধ্য হয়েছেন।

সহকর্মীদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আবদুর রহমান। পদত্যাগপত্রে তিনি লেখেন, ইতিহাসবিষয়ক যেকোনো স্বতঃস্ফূর্ত মতামত প্রকাশের কারণেই তাকে ‘মুজিববাদী’ তকমা দেওয়া হয়েছে। তার মতে, এ ধরনের আচরণ গণতান্ত্রিক মতপ্রকাশের সম্পূর্ণ পরিপন্থী।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস এবং প্রতিষ্ঠিত রাষ্ট্রে বিভিন্ন রাজনৈতিক দলের শাসনকালের ইতিহাস সম্পূর্ণ পৃথক দুটি বিষয়। কিন্তু বর্তমানে এনসিপির নেতাকর্মীদের অবস্থান রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসের প্রশ্নে জামায়াত-শিবিরের মূল বয়ানের সঙ্গে একাকার হয়ে গেছে। এতে দলের নিজস্ব রাজনৈতিক স্বতন্ত্রতা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

আদর্শিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে এনসিপির সঙ্গে পথচলা অব্যাহত রাখা সম্ভব নয় জানিয়ে অবিলম্বে তার পদত্যাগপত্র কার্যকর করার অনুরোধ জানিয়েছেন আবদুর রহমান। তবে ব্যক্তিগত ক্ষোভ থাকা সত্ত্বেও ভবিষ্যতে এনসিপি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন