ঢাকা, রোববার, ১১ অক্টোবর ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮

‘নিজেদের সুবিধামতো আইন প্রয়োগ করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৫, ১০ অক্টোবর ২০২৬

‘নিজেদের সুবিধামতো আইন প্রয়োগ করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি’

ছবি: ঢাকা এক্সপ্রেস

নিজেদের সুবিধামতো আইন প্রণয়ন ও প্রয়োগ করে কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারেনি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী—বাকস্বাধীনতা ও নাগরিক অধিকারের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি এ সভার আয়োজন করে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, জনগণের ভোটে বারবার নির্বাচিত হওয়ার সুযোগ পেলেও ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে তৈরি করা কালাকানুনের অপপ্রয়োগের প্রধান শিকারে পরিণত হয়েছে বিএনপি।

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীর ২৬/ক ধারায় ‘অযাচাইকৃত তথ্য’ ছড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মঞ্জুর আশঙ্কা, ধারাটির অস্পষ্টতার সুযোগ নিয়ে সরকার বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে একতরফাভাবে আইনটি প্রয়োগ করতে পারে।

এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের একটি বক্তব্যের উদাহরণ দেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, প্রশাসক একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলকে ইঙ্গিত করে তাঁর ৭০০টি অটোরিকশা থাকার দাবি করেছেন। এমন বক্তব্য অযাচাইকৃত তথ্য হিসেবে বিবেচিত হবে কি না, সেই প্রশ্ন তুলে মঞ্জু বলেন, তাহলে ওই প্রশাসকেরও ১০ বছরের কারাদণ্ড হওয়া উচিত।

বিএনপির এক শ্রেণির নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস ও দখলদারির অভিযোগ তুলে মঞ্জু বলেন, তাঁদের কর্মকাণ্ড দেখে মনে হয়, তারেক রহমান তাঁদের নামকাওয়াস্তে নেতা। বাস্তবে তাঁদের ‘আধ্যাত্মিক ও নির্বাহী নেতা’ শেখ হাসিনা।

সাইবার জগতে অশালীন ভাষা ও মন্তব্যের বিচার নিয়েও প্রশ্ন তোলেন মঞ্জু। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ অশালীন মন্তব্য করলে তাঁকে গ্রেপ্তার করা হয় বা ব্যবস্থা নেওয়া হয়। অথচ বিরোধী পক্ষের বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীলতার ঘটনায় বিচার হয় না।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন