ঢাকা, রোববার, ১১ অক্টোবর ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮

বাহুবলে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলারশিপের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭:০৯, ১০ অক্টোবর ২০২৬

বাহুবলে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলারশিপের অভিযোগ

ছবি: ঢাকা এক্সপ্রেস

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ বাজারে অস্তিত্ব নেই বলে অভিযোগ ওঠা ‘আলম ট্রেডিং সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠান সার ডিলারশিপ পেয়েছে। এ নিয়োগকে ঘিরে অনিয়মের অভিযোগ তুলেছেন ডিলারশিপের জন্য আবেদনকারীরা।

অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির মালিক খন্দকার নুর আলম স্থানীয় বিএনপি নেতা খন্দকার খুর্শেদ আলম সুজনের ভাই। তবে ডুবাঐ বাজারে এ নামে কোনো প্রতিষ্ঠান নেই বলে দাবি করেছেন পুটিজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার মামুন ও বাজার কমিটির সভাপতি শফিক আহমেদ।

সার ডিলারশিপের আবেদনকারী ‘সিয়াম ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মো. সাজাদ মিয়া বলেন, প্রয়োজনীয় শর্ত পূরণ করে ব্যাংক চালানসহ আবেদন করেছিলেন তিনি। লটারির মাধ্যমে ডিলার নিয়োগের কথা জানানো হলেও তাঁদের না জানিয়েই খন্দকার নুর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর।

বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বৈধ প্রতিষ্ঠানকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে খন্দকার খুর্শেদ আলম সুজন বলেন, তাঁর ভাইয়ের ডিলারশিপ পাওয়ার ক্ষেত্রে তাঁর কোনো ভূমিকা নেই। ইউএনও ও তদন্ত কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ায় একটি পক্ষ তাঁর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন সুজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুটিজুরী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সার ডিলার হিসেবে ‘আলম ট্রেডিং সেন্টার’-এর নাম প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাস্তব অস্তিত্ব, ব্যবসায়িক কার্যক্রম ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং ডিলার নিয়োগে নির্ধারিত নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন