ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবন নির্মাণ শুরু

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৬:১৫, ৯ অক্টোবর ২০২৬

যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবন নির্মাণ শুরু

ছবি: ঢাকা এক্সপ্রেস

যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানে সাত তলাবিশিষ্ট ৪৮টি ফ্ল্যাটের একটি আবাসিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মণিহার সিনেমা হল রোডসংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

‘পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সুবিধা সম্প্রসারণের পাশাপাশি তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের শ্রম ও নিষ্ঠার ওপর শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থা অনেকাংশে নির্ভরশীল। তবে আবাসনসহ জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের নানা সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা সমাধান ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবনটির নির্মাণকাজ শেষ হলে যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা উন্নত আবাসন সুবিধা পাবেন। পাশাপাশি তাঁদের জীবনমান, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতেও প্রকল্পটি ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাততলাবিশিষ্ট ভবনটিতে মোট ৪৮টি ফ্ল্যাট থাকবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মীদের জন্য পরিকল্পিত আবাসনব্যবস্থা গড়ে তোলাই এ প্রকল্পের লক্ষ্য। তাঁদের আবাসন সুবিধা নিশ্চিত করা গেলে দৈনন্দিন জীবনযাপন ও কর্মপরিবেশের উন্নয়নেও সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), যশোর। শহরের নাগরিক সুবিধা সম্প্রসারণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন