ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮

বরগুনায় চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৭:৩৭, ৭ অক্টোবর ২০২৬

বরগুনায় চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনায় এক কোটি টাকা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সাংবাদিক আসাদ সবুজ জামিন পেয়েছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আসাদ সবুজ একটি সংবাদমাধ্যমের বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে করা মামলাটিকে প্রতিবেদনে ‘মিথ্যা’ বলে উল্লেখ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে আসাদ সবুজের জামিনের জন্য তিন দফা আবেদন করা হয়। গত ৪ অক্টোবর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হলে প্রথমে ৬ অক্টোবর শুনানির তারিখ নির্ধারণ করা হয়।

পরে বাদীর উপস্থিতি নিশ্চিত করে শুনানির জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেন আদালত। এদিন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।

জামিন শুনানিতে আসাদ সবুজের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম এ বারী মতিন। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে অ্যাডভোকেট মোস্তফা কাদের ও অ্যাডভোকেট বাবুল দাস উপস্থিত ছিলেন।

এদিকে সাংবাদিককে গ্রেপ্তারের সময় হ্যান্ডকাফ পরানোর ঘটনায় অভিযুক্ত এসআই হারুন অর রশিদকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্র জানিয়েছে।

এর আগে গত ১ অক্টোবর কথিত ভূমিদস্যু সুভাষ ঘোষের ভাইয়ের দায়ের করা চাঁদাবাজির মামলায় আসাদ সবুজকে গ্রেপ্তার করে পুলিশ।

তার গ্রেপ্তারের ঘটনায় বরগুনায় কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন