ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

যশোর সীমান্তে আড়াই মাসে ৯০ কোটি টাকার পণ্য জব্দ, আটক ১৫৯

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২০:২৫, ২৪ নভেম্বর ২০২৬

যশোর সীমান্তে আড়াই মাসে ৯০ কোটি টাকার পণ্য জব্দ, আটক ১৫৯

ছবি: ঢাকা এক্সপ্রেস

যশোর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় গত আড়াই মাসে প্রায় ৯০ কোটি ৭০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় ১৫৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন ৯০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৭৮ টাকা মূল্যের পণ্য জব্দ করে। এর মধ্যে রয়েছে স্বর্ণ, আগ্নেয়াস্ত্র, বিদেশি মদ, হেরোইন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, আইস ও ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।

অন্যদিকে, একই সময়ে ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ যশোরের শার্শা ও চৌগাছা সীমান্তে ৭ কোটি ৩১ লাখ ৬ হাজার ৬৩৭ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে আটজনকে। উদ্ধার করা পণ্যের মধ্যে স্বর্ণ, শাড়ি, কম্বল, প্রসাধনী, বিদেশি মদ, ইয়াবা, গাঁজা ও নেশাজাতীয় সিরাপ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে বিজিবি। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

সীমান্তে সন্দেহজনক চলাচল বা অবৈধ পারাপারের চেষ্টা দেখলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন