ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শেকৃবির স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হেলাল, সম্পাদক নওশিন

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৯:৩৭, ২৪ নভেম্বর ২০২৬

শেকৃবির স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হেলাল, সম্পাদক নওশিন

ছবি: ঢাকা এক্সপ্রেস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. হেলাল উদ্দিন। আর সাধারণ সম্পাদক হয়েছেন তাসনুভা নওশীন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে সংগঠনটির কর্মী সংবর্ধনা, নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটি বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করে থাকে। যেমন, শীতকালে কম্বল ও কাঁথা বিতরণ এবং ঈদে ঈদসামগ্রী বিতরণ। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতি শুক্রবার ও শনিবার শেকৃবি ক্যাম্পাসে তাদের নিজস্ব স্কুল পরিচালনা করে। সেখানে পড়াশোনার পাশাপাশি নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া শিশুদের মধ্যে বই বিতরণসহ নানাভাবে তাদের সহায়তা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক। এ ছাড়া সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. তাহমিনা আক্তার ও সহকারী মডারেটর অধ্যাপক ড. মীর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী সভাপতি সাইদ আহমেদ। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের শিক্ষার্থী নাহিদ ইসলাম ও মোছা. নাহিদা আক্তার।

অধ্যাপক ড. তাহমিনা আক্তার বলেন, “আমি অত্যন্ত গর্বিত যে অনেক দিন ধরে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছি। তোমাদের প্রতি আহ্বান, যারা পরে দায়িত্ব পাবে, তারা যেন নিষ্ঠার সঙ্গে সংগঠনকে এগিয়ে নিয়ে যায়।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, “যতগুলো সংগঠন আছে, তার মধ্যে আমি আলোকিত মানুষকে একটু বেশিই পছন্দ করি। ক্যাম্পাসে থাকলে তাদের কোনো অনুষ্ঠান আমি মিস করতে চাই না। তারা অসহায় মানুষদের নিয়ে কাজ করছে, এটি একটি মহৎ কাজ। আশা করি, সামনেও সংগঠনটি এই ধারা অব্যাহত রাখবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “এই কর্মব্যস্ত জীবনে সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। এ সময়েও আলোকিত মানুষ যে পরোপকারী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের আমি সাধুবাদ জানাই।”

অনুষ্ঠানে বিদায়ী কর্মীদের সংবর্ধনা দেওয়া হয় এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন