ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার বৈদ্যুতিক বাস, আসছে নতুন পরিচালনা পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২০, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৩৪, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার বৈদ্যুতিক বাস, আসছে নতুন পরিচালনা পদ্ধতি

ছবি : সংগৃহীত

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও আধুনিকায়ন আনতে পর্যায়ক্রমে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রথম ধাপে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে সরকারি উদ্যোগে এসব বাস পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে বেসরকারি বাস মালিকদেরও এ কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় গণপরিবহন সংস্কার ও ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নবিষয়ক সভায় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে ধাপে ধাপে ৩ হাজার বৈদ্যুতিক বাস নামানো হবে। যাত্রীদের জন্য এসব বাস হবে নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী ও যাত্রীবান্ধব। প্রচলিত ব্যবস্থার পরিবর্তে গণপরিবহনে কাঠামোগত সংস্কার প্রয়োজন। পুরো ব্যবস্থায় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ উদ্যোগ বাস্তবায়নে বিশ্বব্যাংক সহযোগিতা করছে।

নতুন পরিকল্পনায় প্রচলিত রুট পারমিট ব্যবস্থার পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাস পরিচালনা করা হবে।

এ ব্যবস্থায় ‘গ্রস-কস্ট’ মডেল অনুসরণ করা হবে। অর্থাৎ, যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করবে কর্তৃপক্ষ। পরে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার জন্য অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ দেওয়া হবে।

সংশ্লিষ্টদের ধারণা, নতুন এ পদ্ধতি চালু হলে যাত্রী ওঠানো নিয়ে বাসগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমবে। পাশাপাশি গণপরিবহন পরিচালনায় শৃঙ্খলা, সেবার মান ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে। এ ছাড়া বিশ্বব্যাংকের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন