শিরোনাম
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ২০:৩৬, ২৪ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ঝালকাঠির রাজাপুরে বাদুরতলা লঞ্চঘাট থেকে উপজেলা সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক এক দশকের বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। পিচঢালাই উঠে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীসহ প্রতিদিন কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে ইট ও খোয়া বেরিয়ে এসেছে। বৃষ্টি হলে গর্তে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সড়কের পাশে ১০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। পাশাপাশি রোগী পরিবহন ও সাধারণ যাতায়াতেও তৈরি হচ্ছে সমস্যা।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর গর্ত ও পর্যাপ্ত আলোর অভাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ কারণে অনেক ইজিবাইক চালক রাতে এই সড়কে চলাচল বন্ধ রাখেন। অন্যদিকে, ভাঙা সড়কে চলাচল করায় যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন চালকরা।
রাজাপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. রাজিব হাওলাদার বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে কলেজে যাতায়াতে অনেক সময় লাগে। সন্ধ্যার পর ইজিবাইক পাওয়া কঠিন হয়ে পড়ে। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।
ইজিবাইক চালক হারুন হাওলাদার বলেন, অসংখ্য গর্তের কারণে গাড়ির যন্ত্রাংশ প্রায়ই নষ্ট হয়। আয়ের বড় অংশ মেরামতে ব্যয় করতে হচ্ছে। রাতে দুর্ঘটনার আশঙ্কায় অনেক সময় গাড়ি চালানো বন্ধ রাখতে হয়।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী এস এম জিয়াউল হক বলেন, সড়কটি নির্মাণের জন্য ইতোমধ্যে অনুমোদন পাওয়া গেছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই নির্মাণকাজ শুরু হবে।
দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত সড়কটির নির্মাণকাজ শুরুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই